আমি ডানহাতের কড়ে আঙ্গুলে বাঁ হাতের কর গুনি
যোগ-বিয়োগ ব্যাকরণ মানেনা
এক, পাঁচ, বারোতে কিংকর্তব্যবিমূঢ়
হৃদয় রাখি উনত্রিশে তবে কাউকে বলা বারণ !
আমি তখন আঁতিপাতি খুঁজি গোলাপী, ধূসর, কালো
বিছানার অগোছালোতায় হলদে রোদ
অবাধ্য শব্দ, দিশেহারা ভাবনাগুলোকে
লেজকাটা এক নীলচে ফিঙে ঠোঁটে নিয়ে উড়ে যায়;
জানলার স্ল্যাবে ভাঙ্গাচোরা অনেক ঠিকানা, সত্যি-মিথ্যে
সময় ভাঙতেও পেশির জোর চাই
দেয়ালে হেলান, শুকতারা স্মাইলি
ছাই-ছাই রং থেকে উজ্জ্বল সবুজের উত্তেজনা থিতিয়ে আসে |
No comments:
Post a Comment