Total Pageviews

Thursday, 4 April 2013

ভালবাসাবাসি - ১৩


মাত্র কুড়ি মিনিটের উদাসীনতা বুঝিয়ে দেয় সামনে
নিশ্চিত বিপদ ; ত্বকের উপরে একশো চার আর বুকের ভিতরে
মাইনাস দুশ তিয়াত্তর !
বেপরোয়া মন নিজের ক্ষমতা বোঝে কই !
অমাবস্যার স্মার্ট ক্যামফ্লেজ এখন হৃদয়ের জ্যোৎস্নায় আর
দুজনের ভাষা তখন একই বর্ণমালায় তবু অবোধ্য ;
সব ফুলের রঙ আজ মন ভোলানো নীল, শুনেছি নীল রঙে মিশে থাকে
তীব্র কালকূট - একবার দু ঠোঁটে ছুঁয়ে যেতে চাই
হাতে সময় বড্ড কম
ছুটছে গাড়ি, আসছে স্টেশন
দুহাতে জড়াও অলীক ভুবন !

Sunday, 31 March 2013

মার্চ ২৭, ২০১৩


ধার করা ফাগ আর তোমার গালে আকাশ ছুঁয়ে যায়
চোখের কোণে দুষ্টুমির মেঘ মল্লার
আমি তখন কাক ভেজা লাল
প্রেম পর্যায়ের যাবতীয় গান ও কবিতা
তোমার পায়ের কাছে
যে অদ্ভুত উদাসীনতা আমাকে তোমার কাছে পৌঁছে দেয়
তুমি তাকে কখনো লিখে রাখো না

সাবমেরিন ১১


এভাবেই নিজেকে ভাঙি আর গড়ি
টুকরো টুকরো করে ছড়িয়ে দেই
কুড়িয়ে নিতে সন্ধ্যা নামে

আর এখন স্তিমিত উচ্চারণে
প্রতিটি ভুলকে নাম ধরে ডাকি
আলতো আদরে

নিভে যাওয়া সন্ধ্যেতারা আর কিছু
তারাখসা নিভৃতে গুহাবাসী
নৈবর্তিক উদাসীনতায়

অংকের খাতা চুঁইয়ে প্রতিদিনে
মিশতে থাকে চোরা গরমিল
পরিচিত বোকামিতে

Tuesday, 26 February 2013

ভালোবাসাবাসি - ১২


ভাঙা কাঁচের মতো ধারালো তোমার ভালবাসা 
ছুঁলেই যন্ত্রণার গহন আবেশ শরীর জুড়ে 
বিন্দু বিন্দু নীল চোঁয়ায়  
যেভাবে নিদারুন অসহায়তায় তোমায় খুঁজি তবু 
অবাধ্য প্রেম

মোম গলানো তোমার প্রতিটি শব্দেরা - 
নরম, মসৃণ এবং স্পর্শে লুকোনো আঁচ
হৃদয়ে পোড়া দাগ 
হাওয়ায় তোমার খাতার পাতা উলটে যায়
নতুন পাতা 

Friday, 25 January 2013

মধু কবির জন্মদিনে শ্রদ্ধা জানাই



জমা জলে মশা মাছি আর কিছু কথা
একলা সময়ে বংশ বাড়ায় ধীরে
ভারকেন্দ্রে ফুচকার স্টল নীল ছাতা
নেভা চুল্লী লেপটে থাকে মৃত শরীরে

ভালো লাগেনা ওই একঘেয়ে হাসি
চেনা কথা টিভির চ্যানেল ও রিমোটে
বিশ্লেষণে সমাস বিভক্তি রাশি রাশি
গোলাপের পাঁপড়ি ছড়ানো কি হোঁচটে !

এখনো কিছু ঘুম আলসেমি আড়মোড়া
কফি কাপে চুমুক আয়েসে জমাটি শীত --
রোজ প্রভাতে নাটমঞ্চ কাগজ জোড়া
বিনোদন ট্যাক্স এবার বাড়িয়ে দিক !

তবে এই বেলা বলে রাখি আদ্যপান্ত
ঘোমটার আড়াল ছাড়াই বধূরা স্বরান্ত !!

Wednesday, 9 January 2013

অন্তেবাসী ১০ : অফ স্টেজ ইভেন্ট


রাগ মালকোষের প্রতি ইঞ্চিতে
যুক্তির ক্লোরোফিল
নিয়ম মত সংশ্লেষিত হয় ;
অফ স্ক্রিনে শিকড় ছেঁড়া শালুকের দিকশূন্য সাঁতার !

তোমার বাঁদিকের ড্রয়ারে একটা ব্রাউন খামে
রাখা আছে আমার
শ্বাস-প্রশ্বাসের শতকরা হিসেব ;
কখনো শেষ বিকেলের গোধূলিতে চোখ রেখো যত্নে !

Friday, 4 January 2013

অকেজো একতারা

স্তিমিত দুপুর শুষে নেয়
কর্কশ কা কা
কিছু তীব্রতা ইলশেগুঁড়ি ভেজায় 
কোন আড়াল ছাড়াই সবটুকু বৃষ্টি পরের রামধনু আর 
দমকা ঝড়ে এলোমেলো বিকেল 
গোধূলির আনাচে কানাচে এখনো 
ছেঁড়া কিছু ঘাস আর নরম হাসি 
ক্যানভাসের আঁকিবুঁকিতে আতর গন্ধ মেঘমল্লার 
সন্ধ্যের ভাঁজে গলানো মোম 
চোখের কোণে আগুন আঁচ
যখন অসময়ে জোয়ার আসে 
আজ পার করে কাল আর কালের ঘরে বিমূঢ় অভিজ্ঞান

অন্তেবাসী ৯ : একলা এখন একলব্য জাগরণে



চশমার ডানায় বিছানো   
লেপ ভাঙা শীত 
আদর চোঁয়ায় 
শব্দেরা সব বরফ কুচি 
সাদায়  ভেজা ;
আলতো আলো 
শিরায় মেশে 
কেমন ঘুমোয় হলদে ছায়ারা 
ন্যাপথলিন  গন্ধে 
এই হাত ছোঁয় 
প্রতিসম ভাঁজ 
নোনতা ওই পাশবালিশ ওম 
ফ্যাকাশে জ্যোৎস্না 
কার্বন হাতে বন্দী  
তেমন নিবিড় যেমন উষ্ণ 
কোনো একলা 
সোয়ালো হৃদয় 
নাছোড় এমন বৃত্ত জাল কুহক বোনে