Total Pageviews

Thursday, 23 April 2015

ভালোবাসাবাসি - ১৫

এমন রাত যদি আসে .. ..
চাঁদের আলোয় পা ডুবিয়ে গল্প শোনাচ্ছি তোমায়
আমার উষ্ণতার চাদরে তোমার ঠান্ডা হাতদুটো জড়ানো।

কখনো টুপটাপ ঝরে ফিসফিস হাসি
কখনো ওই তারাদের মাঝে
আর মায়া ভরা স্তব্ধতায় পৃথিবীর সব কথা মিশে যায়।

তখন তোমার এতটুকু অবহেলায়
মন দরিদ্র হয়ে যায়
মনে হয় যেন কতকাল খেতে পাইনি ভালোকরে।

ভালোবাসাবাসি - ১৪

আমাদের ফিস ফিস  কথায়  হেসে ওঠে মাধবীলতা
বারান্দার কোনে আড়ি পাতে একলা চড়াই
সিলিঙে জমা  সন্দিগ্ধ  ধূসর ঝুল
ওরা জানেনা আমরা অনেকটা পথ হেঁটে এসেছি
একসাথে
পিপড়ের মত শুধু পরস্পরের গন্ধ ছুঁয়ে।

আঙ্গুলে জড়ানো আঙ্গুল যেন এই তো প্রথম
ঠোঁটে রেখেছি ঠোঁট
যেন আর কখনো দেখা হবে না
যেন শুধু ছুঁয়ে থাকলেই কোনো বিচ্ছেদ  নেই
তারপর
নিঃশব্দে ঝরে যায় ভোরবেলায় শিউলি হয়ে।

স্বচ্ছ ভারত মিশন

তারপর আমার উড়ে যাওয়ার ইচ্ছেটা
ছেঁড়া ঘুড়ির মত
পাক খেতে খেতে
খেতে খেতে
এসে পড়ল তোমার পায়ের কাছে |
ফুটিফাটা উজ্জল রঙের রম্বসে সাদা কালো
নিউস পেপার ল্যাজ  -
পোটেনশিয়াল স্বপ্নে ক্লিশে বোকামির এম্বস।
এগোতেই পায়ে জড়ালো মাঞ্জা সুতো
৭০% বিরক্তিতে ২০% অবাক মিশলেও
১০% প্রেসেন্স অফ মাইন্ড এ
তুমি ডাস্টবিন খুঁজলে
তারপর সযন্তে ঘুড়িটাকে ফেলে আসলে সেখানে
স্বচ্ছ ভারত মিশন !